ধর্মীয় প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ; নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মুসল্লিদের
মীর হোসেন মোল্লাঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের শাহ সাহেব রাহমাতুল্লাহ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব মাওলানা মো. আবদুল মমিনকে জুমার নামাজের ইমামতি করতে বাধা, অপমান ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ চারজনের বিরুদ্ধে। ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশে একজন দায়িত্বশীল আলেমের সঙ্গে এমন আচরণের অভিযোগে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী খতিব চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তীর জামায়াত নেতাসহ চারজনের দিকে।
জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার শাহাপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মাওলানা মো. আবদুল মমিন (৩১) দীর্ঘদিন ধরে বাহেরগড়া গ্রামের শাহ সাহেব রাহমাতুল্লাহ জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করে আসছেন। গত ২৭ নভেম্বর শুক্রবার জুমার নামাজ পড়ানোর উদ্দেশ্যে মসজিদে প্রবেশের সময়, বাহেরগড়া গ্রামের আবুল হাশেমের ছেলে স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির শরীফ হোসেন সুমন (৪০), নাজমুল হোসেন (৩৮), মৃত সিরাজুল ইসলামের ছেলে হারুনুর রশিদ (৬০) এবং মৃত আব্দুল করিমের ছেলে সাইদুল ইসলাম (৬৫) খতিবকে পথরোধ করেন। এসময়
শরীফ হোসেন সুমনের নেতৃত্বে অভিযুক্তরা তাঁকে জুমার নামাজের ইমামতি করতে বাধা দেন। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। এমনকি মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং ভবিষ্যতে মসজিদের কোনো বিষয় নিয়ে প্রতিবাদ কিংবা আইনি পদক্ষেপ নিলে খতিবকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালনা, দান-অনুদান এবং বিভিন্ন কার্যক্রমের হিসাব-নিকাশের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। খতিবকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে মসজিদ ও মাদ্রাসার সামগ্রিক কার্যক্রম এবং আর্থিক হিসাব-নিকাশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা থেকেই বিরোধের সূত্রপাত। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে মসজিদে প্রবেশের সময় তাঁকে ঘিরে ধরে মারধর ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ মুসল্লিদের একাংশ প্রতিবাদ জানান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষুব্ধ মুসল্লিরা। জামায়াতের নেতারা বেআইনিভাবে দানের টাকা হাতিয়ে নেয়ার জন্য এসব পরিকল্পনা করছে বলে সূত্র জানিয়েছেন। মসজিদ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি সাধারণ মুসল্লিদের ধর্মীয় উপাসনার স্থান। সেখানে একজন খতিবকে নামাজ পড়াতে বাধা দেওয়া, অপমান ও মারধরের মতো অভিযোগ অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক।
বিশেষ করে ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক নেতৃত্বের প্রভাব ব্যবহার করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা কিংবা দান-অনুদানের হিসাব-নিকাশ নিয়ন্ত্রণের চেষ্টা হয়ে থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
স্থানীয় মুসল্লিদের অভিযোগ, মসজিদ-মাদ্রাসার মতো পবিত্র প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এমন বিরোধ ও প্রভাব বিস্তারের চেষ্টা ধর্মীয় পরিবেশ নষ্ট করার পাশাপাশি সাধারণ মুসল্লিদের অধিকারকেও প্রশ্নের মুখে ফেলছে।
জামায়াত নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি
একজন আলেম ও মসজিদের খতিবের নিরাপত্তা এবং ধর্মীয় দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় প্রভাবের ঊর্ধ্বে থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।
তাঁদের দাবি, অভিযোগে নাম আসা ব্যক্তিরা যে রাজনৈতিক দলের পরিচয়ই বহন করুন না কেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় যেন অপরাধের অভিযোগ থেকে কাউকে দায়মুক্তি দেওয়ার ঢাল হয়ে না দাঁড়ায়।
এ ঘটনায় ভুক্তভোগী মাওলানা মো. আবদুল মমিন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযোগে নাম আসা ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিযোগের সত্যতা, ঘটনার নেপথ্যের কারণ এবং মসজিদ-মাদ্রাসার পরিচালনা ও আর্থিক হিসাব-নিকাশ নিয়ে বিরোধের বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এলাকাবাসীর প্রত্যাশা, মসজিদের পবিত্রতা ও সাধারণ মুসল্লিদের অধিকার রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে