দাম বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের যুক্তি হচ্ছে গত মে মাস থেকে অক্টোবর পর্যন্ত বিশ্ববাজারে সয়াবিনের দাম কমেছে। চলতি নভেম্বরেও দাম কমার প্রবণতা ছিল। যেমন নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতি টনের ক্রুড সয়াবিন তেলের দাম কমে ১ হাজার ৪৩৫ ডলারে ঠেকেছিল। গত ছয় মাস বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও তারা দেশের বাজারে দাম কমায়নি, উল্টো এ সময়ের মধ্যে গত সেপ্টেম্বর মাসেও লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিল সয়াবিন তেলের দাম।
বিশ্ববাজারে যখন দাম কমে তখন দেশে কমে না, অথচ বিশ্ববাজারে সামান্য বাড়লে তখন সঙ্গে সঙ্গে দেশে দাম বাড়ানো হয়— এটাকে ব্যবসায়ীদের এক ধরনের কূটকৌশল বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এ বিষয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন সময়ের আলোকে বলেন, ‘গত ছয় মাসে যখন দাম কমেছে সয়াবিন তেলের তখন কেন কমানো হলো না দেশের বাজারে। তখন ব্যবসায়ীরা চুপ করে ছিল বরং না কমিয়ে উল্টো আরও দাম বাড়িয়েছে। এখন দাম বাড়িয়ে দেশের ভোজ্য তেল ব্যবসায়ীরা দেশের মানুষকে ঠকিয়েছে। এটা তাদের এক ধরনের হঠকারিতা।’
তিনি আরও বলেন, ‘দেশের ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা প্রতি বছর রোজার মাস শুরু হওয়ার দুই-তিন মাস আগে থেকেই পণ্যমূল্য বাড়ানো শুরু করে। এখন সয়াবিন তেলের দাম বৃদ্ধি রমজান মাসের দাম বৃদ্ধির এক ধরনের রিহার্সেল। রোজার মাস আসার আগে তারা আরও দাম বাড়াতে পারে। এ জন্য তারা দাবি জানালেই সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে দাম বাড়ানোর ব্যবস্থা করা ঠিক হচ্ছে না। ভালো করে যাচাই-বাছাই করে তার পর সিদ্ধান্ত নেওয়া দরকার। বাণিজ্য মন্ত্রণালয় হয়তো দাম বাড়ানোর আগে ট্যারিফ কমিশন থেকে একটি রিপোর্ট নিয়ে থাকে, তারপর দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয়। তবে আমি মনে করি ট্যারিফ কমিশন থেকেও সঠিক প্রতিবেদন দেওয়া হয় না বাণিজ্য মন্ত্রণালয়ে।’
লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা : বিশ্ববাজারে ধারাবাহিকভাবে দাম কমার পরও দেশের বাজারে এ দফায় লিটারে ১৮ টাকা দাম বাড়ানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনে দিয়েছিলেন ব্যবসায়ীরা। তাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করা হয়। ওই দিন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়ে ২০৪ টাকা থেকে ২০৭ টাকা করা হয়। খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়। পাঁচ লিটারের বোতলের দাম এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ১৫ টাকা করা হয়। তবে খোলা পাম তেলের দাম ১৬৬ টাকাই রাখা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের মজুদ, এলসি খোলা, আমদানি আর আন্তর্জাতিক বাজারের একটি প্রতিবেদন তুলে ধরে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের যুক্তি— আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, আমদানি খরচ বেড়েছে, তাই দেশেও দাম বাড়াতে হয়েছে।
তবে আন্তর্জাতিক বাজারের আসল তথ্য দেশে দাম বৃদ্ধির এ যুক্তিকে সমর্থন করে না। বিশ্ববাজারে গত ছয় মাসে দাম কমেছে ক্রুড সয়াবিন তেলের। বিশ্ব ব্যাংকের পিংক শিটের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ক্রুড সয়াবিন তেলের দাম গত ছয় মাসে টানা কমেছে। ২০২৬ সালের মে মাসে প্রতি মেট্রিক টন ক্রুড সয়াবিন তেলের দাম ছিল এক হাজার ৭৮১ ডলার। জুন মাসে তা কমে হয় এক হাজার ৭৪০ ডলার। জুলাই মাসে আরও কমে হয় এক হাজার ৬৫৮ ডলার। আগস্ট মাসে দাম দাঁড়ায় এক হাজার ৬৩৯ ডলার। সেপ্টেম্বর মাসে এক হাজার ৬১৫ ডলার। আর অক্টোবর মাসে দাম নেমে আসে এক হাজার ৫৪৬ ডলারে। অর্থাৎ মে থেকে অক্টোবর— এই ছয় মাসে প্রতি টনে দাম কমেছে ২৩৫ ডলার। শতকরা হিসাবে কমেছে ১৩ দশমিক ২ শতাংশ।
আর নভেম্বর মাসে দাম আরও বেশি কমেছে। গত ৩ নভেম্বর আমেরিকার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবোট) সয়াবিন তেলের দাম ছিল ৬৫ দশমিক শূন্য ৮ সেন্ট প্রতি পাউন্ড, যা টনে এক হাজার ৪৩৫ ডলারের সমান। ১৬ নভেম্বর দাম নেমে আসে ৬২ দশমিক ১৯ সেন্টে, টনে এক হাজার ৩৭১ ডলার। ১৮ নভেম্বর আরও কমে হয় ৫৯ দশমিক ৮৮ সেন্ট, টনে এক হাজার ৩২০ ডলার। সর্বশেষ ২৭ নভেম্বর, শুক্রবার সিবোটে সয়াবিন তেলের দাম ছিল ৫৮ দশমিক ৯৯ সেন্ট প্রতি পাউন্ড। টনে হিসাবে এটা এক হাজার ৩০০ দশমিক ৫১ ডলার। অর্থাৎ নভেম্বর মাসের শুরু থেকে শেষে দাম কমেছে ১৩৫ ডলার, শতকরা হিসাবে ৯ দশমিক ৪ শতাংশ।
যদি মে মাসের এক হাজার ৭৮১ ডলারের সঙ্গে নভেম্বরের এক হাজার ৩০০ ডলারের তুলনা করা হয়, তা হলে দেখা যাবে ছয় মাসে দাম কমেছে ৪৮১ ডলার। শতকরা হিসাবে কমেছে ২৭ শতাংশের বেশি। টাকার হিসাবে প্রতি টনে কমেছে প্রায় ৫৮ হাজার ৬৮২ টাকা। প্রতি লিটারে কমেছে প্রায় ৫৯ টাকা। বাংলাদেশ মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে ক্রুড সয়াবিন তেল আমদানি করে। সেখানে দাম আরও কম। ব্রাজিলে এখন প্রতি টন ক্রুড সয়াবিন তেলের দাম এক হাজার ১৮০ থেকে এক হাজার ১৮৫ ডলার। আর্জেন্টিনায় এক হাজার ১৮০ থেকে এক হাজার ১৯৫ ডলার। চীনের ডালিয়ান বাজারে দাম এক হাজার ২৬০ থেকে এক হাজার ২৭০ ডলার। শুধু সয়াবিন তেল না, পাম তেলের দামও কমেছে। মালয়েশিয়ায় পাম তেলের দাম এক সপ্তাহে কমেছে ৪ দশমিক ৬ শতাংশ, এক মাসে কমেছে ১৩ শতাংশ। এখন দাম এক হাজার ৩০ ডলার প্রতি টন।