দাঁড়িয়ে থাক জানালায়
আকাশে আকাশে ক্রুজ মিসাইলের হার্ড রক আর
মৃত্যু নির্বোধ দাঁড়িয়ে করতালি দেয়
সারা পৃথিবী এখন সমাধিক্ষেত্র
গাজা ইউক্রেন বলিভিয়া সিরিয়া ট্রেঞ্চের ভেতর থেকে উঁকি দিচ্ছে
যে শিশু মায়ের কোল ছাড়া থাকতে পারে না
সে এখন নিঃসঙ্গতার ক্রোড়ে
যে পিতা প্রতিদিন ঘরে ফিরত
সে এখন পাহারা দেয় কান্না
যে ভাই বোনের সম্ভ্রম রক্ষা করত সে কবন্ধ প্রহরী
জাতিসংঘ বারবার অবাক হয়
ন্যাটো জেনোসাইডের বিরুদ্ধে
গ্রহণ করে শোকপ্রস্তাব
পৃথিবী একদিন শেষ হয়ে যাবে
ধর্মালয়ে চলছে প্রার্থনা
কেউ একজন বলছে পৃথিবী
কোনোদিন শেষ হয়ে যাবে না
ফেরিওয়ালা হাঁক দিচ্ছে
খেলনা আছে নতুন খেলনা।