1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

নগরজুড়ে মশার যন্ত্রণা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে শীতের শুরুতেই বেড়েছে মশার উপদ্রব। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। মশার কামড় থেকে বাঁচতে মশারি টাঙিয়ে, না হয় কয়েল জ্বালিয়ে কিংবা স্প্রে ছিটিয়ে থাকতে হচ্ছে মানুষকে।

নগরজুড়ে মশার উৎপাত বাড়লেও নিধনে কার্যকর তেমন কোনো পদক্ষেপ নেই চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। ঝিমিয়ে পড়েছে বিশেষ ক্রাশ প্রোগ্রামও।

চসিক বলছে, এখন কিউলেক্স প্রজাতির মশার উপদ্রব বেড়েছে। তবে মশক নিধনে নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে। সকাল-বিকাল দুই সময়েই ওষুধ দেওয়া হচ্ছে। বেশি জোর দেওয়া হচ্ছে ফগিংয়ে। বিশেষ করে কিউলেক্স প্রজাতির মশার আধিক্যে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত থাকে।

অভিযোগ আছে, চসিক ওষুধ ছিটালেও মরে না মশা, শুধু মেলে ঘণ্টাখানেকের স্বস্তি এবং নিয়ম না মেনে করা হচ্ছে ফগিং। এতে মশক নিধনে তেমন সুফল মিলছে না।

এ বিষয়ে জেলা কীটতত্ত্ববিদ সৈয়দ মো. মঈন উদ্দীন বলেন, ফগিং সাধারণত দিনের দুটি নির্দিষ্ট সময় ভোর হওয়ার দুই ঘণ্টা পর এবং সন্ধ্যার দুই ঘণ্টা আগে করলে ভালো ফল পাওয়া যায়। এসময়ে মশার কর্মচঞ্চলতা বেশি থাকে। তখন ফগিং করলে মশা নিধন বেশি কার্যকর হয়।

এদিকে ঘরের মশা তাড়াতে কয়েল ব্যবহারের কারণে হাঁপানি, শ্বাসকষ্ট, ক্যান্সার, ফুসফুস, কিডনির রোগসহ বিভিন্ন রোগের বিপদ বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগের প্রধান রজত শংকর রায় বিশ্বাস বলেন, ‘দীর্ঘমেয়াদি কয়েল ব্যবহারের ফলে শরীরের শ্বাসনালীর প্রদাহ, শ্বাসকষ্ট, এলার্জি, কিডনির রোগসহ ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কেউ যদি কয়েল খেয়ে ফেলে তাহলে খাদ্যনালীর ক্ষত, রক্তক্ষরণ ও লিভারের জটিলতা তৈরি হতে পারে।’

অন্যদিকে মশার উপদ্রবের মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হয়ে ভর্তি হচ্ছে সরকারি-বেসরকারি হাসপাতালে। একইসঙ্গে বাড়ছে মৃত্যুও।

নগরবাসীর অভিযোগ, কাগজ-কলমে কিছু ‘রুটিনওয়ার্ক’ চললেও মাঠ পর্যায়ে ছিটেফোঁটাও নেই। এছাড়া মশক নিধন কর্মীদের কাজের তদারকিরও কেউ নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া