
সরকারি প্রটোকল বা পদাধিকার ভিত্তিতে রাষ্ট্রের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে সরকারি গানম্যান বা সশস্ত্র দেহরক্ষী পান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা (সচিব বা সমপর্যায়ের) এবং বাহিনী প্রধানরা এই ক্যাটাগরিতে পড়েন। এছাড়া নিজস্ব বেতনভুক্ত লোক দিয়েও গানম্যানের কাজ করান অনেকে। এক্ষেত্রে ওই গানম্যানের নিজের নামে অস্ত্রের লাইসেন্স থাকতে হবে অথবা নিয়োগকর্তার অস্ত্রের লাইসেন্সে তাকে ‘রিটেইনার’ বা ব্যবহারকারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
এছাড়া সরকার অনুমোদিত বেসরকারি সিকিউরিটি কোম্পানিগুলো থেকেও নির্দিষ্ট অর্থের বিনিময়ে গানম্যান নেওয়া যায়। তবে এক্ষেত্রেও আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিশেষ অনুমতি প্রয়োজন।
রাজনৈতিক নেতারা এখন ব্যস্ত নিজেদের জন্য ব্যক্তিগত গানম্যান আর অস্ত্রের লাইসেন্স সংগ্রহ করতে। যত্রতত্র অস্ত্রের লাইসেন্স দেওয়া মানে সমাজে ভয়ের রাজত্ব কায়েম করা। যখন কোনো নেতা অস্ত্র নিয়ে চলেন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ে না বরং আতঙ্ক বাড়ে।
একজন রিকশাচালক, শ্রমিক বা ছাত্রের জীবনের মূল্য কি একজন রাজনৈতিক নেতার চেয়ে কম? যদি দেশ নিরাপদ হয়, তবে সবার জন্য নিরাপদ হবে। আর যদি অনিরাপদ হয়, তবে কেবল নেতাদের সুরক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের নৈতিক দেউলিয়াপনা। জনগণ কোনো বিশেষ নিরাপত্তা চায় না, জনগণ চায় একটি নিরাপদ দেশ।