1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সীমান্তের এপারে কোন অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
অনলাইন ডেস্ক: সীমান্তের ওপারে কে কী করছে, তা জানি না। তবে সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বিভিন্ন সহিংসতায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। কারও মাথায় আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙেছে। অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। আহত সদস্যদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।
তিনি আরও বলেন, পুলিশের চাকরিতে যোগদানের শুরু থেকেই সদস্যরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকেন। শ্রমিক আন্দোলনের সময়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন, কিন্তু তারা আন্দোলনরত শ্রমিক ভাই-বোনদের ওপর আঘাত করেননি। বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে চলমান সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কোনো বার্তা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের দায়িত্বই হলো পরিস্থিতি মোকাবিলা করা। দেশে যেকোনো সময় অস্থিরতা তৈরি হতে পারে, এটি বিবেচনায় রেখেই পুলিশ ও অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করে। এ কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন পক্ষের কর্মসূচি থাকতে পারে। তবে শ্রমিকরা মজুরি বোর্ডের ঘোষণায় সন্তুষ্ট এবং তারা সেটিকে স্বাগত জানিয়েছেন। তারা শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন, তবে তারা সফল হবেন না বলে মনে করেন তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া