তবে পানি বেশি পান করার পরামর্শের পাশাপাশি পরিবেশের স্বাস্থ্যের জন্য প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করা হয়। স্পেনে প্রতিদিন ৫৫ মিলিয়ন বোতল বিক্রি হয়, যার মধ্যে মাত্র ৩৬ শতাংশ বোতলই পুনর্ব্যবহার করা যায়। এর সহজ সমাধান হলো পুনঃব্যবহারযোগ্য বোতল। যদিও এটি পরিবেশবান্ধব বিকল্প, তবে সঠিকভাবে পরিষ্কার না করলে এই বোতলগুলোতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জমে যেতে পারে এবং দুর্ভাগ্যবশত, এটি স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
সম্প্রতি পরিচালিত একাধিক গবেষণায় পুনঃব্যবহারযোগ্য পানির বোতলে জীবাণুর জমা হওয়ার বিষয়টির খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে একটি গবেষণা করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ফুড প্রোটেকশন (আইএইপি)। তারা এ গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ৯০টি বোতল সংগ্রহ করেছে। গবেষণায় দেখা যায়, ৭০ শতাংশ বোতলেই জীবাণুর মাত্রা নিরাপদ মানদণ্ডের চেয়ে বেশি।
স্পেনের বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অব আ করোনিয়া-এর ট্রান্সলেশনাল অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান মারিয়া ডেল মার টমাস বলেন, ‘সাধারণত, এই ধরনের বোতলে যে ব্যাকটেরিয়া জমা হয়, তা হলো কোলিফর্ম, যা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে পাওয়া যায়। সহজভাবে বললে, এগুলো মল থেকে আসা জীবাণু।’








