1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সংবাদদাতাঃ বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে নতুন ৮৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ রেললাইন নির্মিত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব আরও কমে আসবে। এতে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমার পাশাপাশি যাত্রীদের প্রায় আড়াই ঘণ্টা ভ্রমণ সময় সাশ্রয় হবে।

দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর সরাসরি ও দ্রুত রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এর ফলে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং পরিবহন বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং উত্তরাঞ্চলের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলোকে ঢাকায় পৌঁছাতে সিরাজগঞ্জের যমুনা নদীর পূর্ব তীরে আসার জন্য সান্তাহার জংশন, নাটোর ও ঈশ্বরদী হয়ে দীর্ঘ পথ ঘুরে আসতে হয়।

তিনি বলেন, প্রস্তাবিত বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেল সংযোগ চালু হলে এই দীর্ঘ পথ ঘুরে যাওয়ার প্রয়োজন হবে না। এতে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমবে এবং যাত্রী ও ব্যবসায়ী উভয়ই উপকৃত হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া