বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে রায়হান দাবি করেন, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে তার কোনো পরিচয় নেই। তাঁর ভাষায়, ‘সত্যি বলতে- অসহায় মানুষগুলো কারো না কারো প্রতিহিংসার শিকার। এরা না আমাকে চিনে, না আমি উনাদের চিনি।’
রায়হান আরও লেখেন, ‘শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই কাজ। এরা হয়তো আওয়ামী লীগ, আর না হয় বড় কোনো নেতার প্রতিপক্ষ।’ নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গত ২২ থেকে ২৫ নভেম্বর ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হানকে গ্রেপ্তারে অভিযান চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। চার দিনের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি তাঁর ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানে রায়হানকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, উদ্ধার হওয়া ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তলটি রায়হান নিজে ব্যবহার করতেন।
তিনি বলেন, সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় রায়হানের ব্যবহৃত পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান মহররম আলীর বাড়িতে অবস্থান করেছিলেন। অন্যত্র চলে যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তাঁর কাছে রেখে যান।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, অভিযানের শুরুতে রায়হানের দুই সহযোগী এমরান ও সাইদুলকে গ্রেপ্তার করা হয়। পরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। গ্রেপ্তার ব্যক্তিরাই ইতালির তৈরি পিস্তলটি রায়হান ব্যবহার করতেন বলে জানিয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এদিকে রায়হানের ফেসবুকে প্রকাশিত একটি অডিওতে অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজকে তাকে আত্মসমর্পণের আহ্বান জানাতে শোনা যায়। জবাবে রায়হানকে বলতে শোনা যায়, ‘আমি সারেন্ডার করলে মামলা বেশি দিবে বিএনপি। আওয়ামী লীগ আসলে মামলা দিবে। আমি কোন পথে যামু?’








