একটা ঋদ্ধ ক্যারিয়ার শেষে যদি মেসি পেছনে ফিরে তাকায়, তাহলে দেখতে পাবে- জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর ছোট্ট মেসি ফুটবলের গ্রেটেস্ট এভার ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করতে পেরেছে, দেশের হয়ে সর্বোচ্চ গোল, এসিস্ট, ম্যাচ, বিশ্বকাপের সেরা প্লেয়ার, মহাদেশের সেরা প্লেয়ারের তকমার চাইতে মেসির আবেশ ছড়িয়ে গেছে প্রজন্ম থেকে প্রজন্মে।
যারা তাকে দেখে ফুটবল ভালোবাসতে শিখেছে, বুঝতে শিখেছে তাদের সাথে নিয়েই দেশকে দীর্ঘ ছত্রিশ বছর পর জিতিয়েছে বিশ্বকাপ। এর চেয়ে বড় আইকনিক আর কী হতে পারে!
বেনিনের বিপক্ষে ম্যাচ শেষ হতেই এনজো ফার্নান্দেজের কান্না সবার দৃষ্টিগোচর হওয়ার কথা। এই সেই এনজো, যে কি-না কোপা আমেরিকার ফাইনাল হারের পর হতাশায় অবসর নেওয়া মেসিকে জাতীয় দলে ফিরে আসার আকুতি জানিয়ে চিঠি লিখেছিল।
সময়য়ের আবর্তে এনজোদের সংখ্যা কেবলই বেড়েছে। বাড়তে-বাড়তে বিশ্বব্যপী মেসির বিশ্বায়ন ঘটেছে জ্যামিতিক হারে। এত দীর্ঘ সময় যাবত সারা বিশ্বের অসংখ্য এনজোদের উজ্জীবিত আর কোন প্লেয়ারই রাখতে পারেনি।
ফলতঃ মনুমেন্টাল স্টেডিয়ামের প্রায় লক্ষাধিক দর্শক একটা বিরল মুহূর্তের স্বাক্ষী হয়ে গেছে। স্টেডিয়ামে মেসি মেসি আওয়াজ, দুই হাত ছড়িয়ে ঐতিহ্যবাহী আনন্দের ফল্গুধারা আর মোহাবিষ্ট হওয়ার অপরূপ নিদর্শন তাদের মানসে আজীবন অনুরণন ঘটাবে।
মেসি তেমনই একজন; যাকে একাবারই পাওয়া যায়…
জাতীয় দলের হয়ে হতাশার অধ্যায় শেষ করে মেসি যখন বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটা খেলেছে তখন তার নামে জ্বলজ্বল করছে অগণিত ফুট্-রেকর্ড।
টানা তিন ফাইনাল হারের আগে ছোট্ট মেসির প্রথম ফাইনাল হার কোপা আমেরিকা-২০০৭ সংস্করণে। তার আগে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতা হয় তার। ফাইনাল হারের পরে ২০০৮ অলিম্পিক সোনার পদক জয়ের পরেও তাকে সইতে হয়েছে নন-আর্জেন্টাইন তকমা।








