1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

নাইকিকে বিদায়, নতুন স্পনসরে এমবাপে

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ক্রীড়া ডেস্ক>> ছেলেবেলা থেকে কিলিয়ান এমবাপের ফুটবলযাত্রার সঙ্গী ছিল নাইকি। মাত্র আট বছর বয়সে যুক্ত হওয়ার পর ফরাসি তারকার উত্থানের প্রায় পুরোটা সময়ই ছিল মার্কিন ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির সঙ্গে। সেই দীর্ঘ সম্পর্ক এবার শেষ হলো।

নাইকিকে বিদায় জানিয়ে সুইস স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘অন’-এর সঙ্গে চুক্তি করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা।

২০০৬ সালে নাইকির সঙ্গে যুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির ‘মারকিউরিয়াল’ বুট ব্যবহার করে আসছিলেন এমবাপে। ২৭ বছর বয়সে এসে ক্যারিয়ারের এই পর্যায়ে নতুন ব্র্যান্ডের সঙ্গে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

২০১০ সালে মূলত রানিং শু প্রস্তুতকারক হিসেবে যাত্রা শুরু করে ‘অন’। ২০১৯ সালে টেনিস কিংবদন্তি রজার ফেদেরার প্রতিষ্ঠানটির সহ-স্বত্বাধিকারী হন। এবার ফুটবলেও নিজেদের উপস্থিতি জোরদার করছে সুইস ব্র্যান্ডটি। ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরিকে ফুটবল বিভাগের পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণাও দিয়েছে তারা।

নতুন চুক্তি অনুযায়ী, ‘অন’-এর বৈশ্বিক দূত হিসেবে কাজ করবেন এমবাপে। পাশাপাশি ব্র্যান্ডটির পণ্য উন্নয়ন দলের সঙ্গেও সরাসরি কাজ করবেন তিনি।

নাইকির সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে নতুন ব্র্যান্ড বেছে নেওয়ার কারণও নিজের বক্তব্যে তুলে ধরেছেন এমবাপে।

‘একসঙ্গে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করার সুযোগই আমাকে শুরু থেকে ‘অন’-এর প্রতি আকৃষ্ট করেছে। আগামী দিনের খেলাধুলাকে নতুন রূপ দিতে এটি সাহায্য করবে। এই সৃষ্টিতে আমার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে চাই। উদ্ভাবনের মাধ্যমে সম্ভাবনার সীমা পেরিয়ে যেতে চাই এবং ফুটবলের আনন্দের প্রতি সবসময় বিশ্বস্ত থাকতে চাই। আমাদের একটি অভিন্ন স্বপ্ন আছে এবং এটি কেবল শুরু,’ বলেন তিনি।

ফুটবলের প্রতি নিজের শৈশবের ভালোবাসার কথাও জানিয়েছেন এমবাপে। পেশাদার ফুটবলার হওয়ার পরও বন্ধুদের সঙ্গে খেলার সেই পুরোনো আনন্দ এখনও তাকে টানে বলে জানান তিনি।

“স্বপ্ন দেখতে থাকো, ফুটবল। আমি এখনও ফুটবল খেলার স্বপ্ন দেখি। যদিও এটা শুনে আপনারা অবাক হতে পারেন, কারণ আমি তো পেশাদার ফুটবলার। কিন্তু এটা সত্যি। এখনও আমি আমার বন্ধুদের সঙ্গে খেলার স্বপ্ন দেখি। সূর্যাস্ত পর্যন্ত খেলা, রাতের খাবার পর্যন্ত। শুধু খেলার আনন্দের জন্য খেলা, পেশা হয়ে ওঠার অনেক আগের সেই খেলা,” বলেন এমবাপে।

নিজের নতুন যাত্রাকে সেই শৈশবের স্বপ্নেরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন রিয়াল তারকা।

“যতদূর মনে পড়ে, এই স্বপ্নকে অনুসরণ করে এসেছি আমি। এটিই আমাকে এখন জীবনের বড় একটি পরিবর্তনের দিকে নিয়ে গেছে। নিজেকে এখন এমন সব উদ্ভাবকের মাঝে খুঁজে পাই, যারা আমার মতোই একই স্বপ্ন দেখে। বলের যতটা সম্ভব কাছে পা নিয়ে আসা, মানুষকে খেলার যতটা সম্ভব কাছে নিয়ে আসা, বিশ্বকে খেলার যতটা সম্ভব কাছে নিয়ে আসা,” বলেন তিনি।

এমবাপের আগে সম্প্রতি নাইকির অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাসের সঙ্গে চুক্তি করেছেন বিশ্ব ফুটবলের আরেক তরুণ তারকা লামিন ইয়ামালও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া