1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

জলাবদ্ধতা-যানজট ঠেকাতে সিডিএর নজর দক্ষিণ কোরিয়ায়

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বর্ষা এলেই পানির নিচে চলে যায় চট্টগ্রামের অনেক সড়ক। অন্যদিকে যানজট আর রাস্তার ওপর গাড়ি পার্কিং নগরের চলাচলকে করে তোলে আরও দুর্বিষহ। এসব সমস্যার সমাধানে এবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নগর ব্যবস্থাপনা মডেল পর্যালোচনা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। নগরের নিচু এলাকায় ভূগর্ভস্থ বৃষ্টির পানি ধারণের জলাধার, সড়ক ও ফুটপাতে পানি শোষণক্ষম ব্লক, আধুনিক ট্রাফিক সিগন্যাল এবং বহুতল পার্কিং টাওয়ার নির্মাণের মতো বিষয়গুলো চট্টগ্রামের বাস্তবতায় প্রয়োগের সম্ভাবনা বিবেচনা করছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরকালে সিউলের জলাবদ্ধতা নিরসন, যানবাহন চলাচল ও পার্কিং ব্যবস্থাপনা সরেজমিনে দেখেন চউক চেয়ারম্যান। সফরে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে চট্টগ্রামের জন্য সম্ভাব্য কর্মপরিকল্পনা তৈরির কথা ভাবছেন তিনি। এ বিষয়ে বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বেলায়েত হোসেন।

সিডিএ চেয়ারম্যানের পর্যবেক্ষণ অনুযায়ী, সিউলে অতিবৃষ্টির পানি সামাল দিতে মাটির ৪০ থেকে ৫০ মিটার গভীরে নির্মাণ করা হয়েছে বিশাল ভূগর্ভস্থ টানেল। এসব স্থাপনায় বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সড়ক ও ফুটপাতে ব্যবহার করা হচ্ছে পানি শোষণক্ষম ব্লক, যা বৃষ্টির পানি দ্রুত মাটিতে প্রবেশে সহায়তা করে।

চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে এ ধরনের ভূগর্ভস্থ পানি ধারণক্ষম জলাধার নির্মাণের সম্ভাবনা দেখছেন তিনি। একই সঙ্গে নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোতে পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা বালি আটকাতে ‘সিল্ট ট্র্যাপ’-এর ব্যবহার বাড়ানো ও সেগুলো আধুনিকায়নের বিষয়টিও বিবেচনায় রয়েছে। নতুন সড়ক ও ফুটপাত নির্মাণে পানি শোষণক্ষম ব্লক ব্যবহারের কারিগরি দিকও খতিয়ে দেখা হচ্ছে।

তবে সিউলের নগর ব্যবস্থাপনায় শুধু প্রযুক্তিই নয়, নাগরিক শৃঙ্খলাও নজর কেড়েছে চউক চেয়ারম্যানের। তাঁর পর্যবেক্ষণ, লাখ লাখ গাড়ি চলাচল করলেও সিউলের সড়কে অযথা হর্নের শব্দ নেই। চালক ও পথচারীরা ট্রাফিক সংকেত এবং নির্ধারিত লেন মেনে চলেন। ডিজিটাল প্রযুক্তিনির্ভর ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমও (আইটিএমএস) যান চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চট্টগ্রামে সিডিএর নির্মিত নতুন সড়ক, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আধুনিক ডিজিটাল সিগন্যালিং ও সুনির্দিষ্ট লেন ব্যবস্থা চালুর বিষয়টি ভাবছেন বেলায়েত হোসেন। পাশাপাশি হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, শুধু অবকাঠামো নির্মাণ করে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়; এসব অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আধুনিক ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি নাগরিক শৃঙ্খলাও জরুরি।

সিউলের পার্কিং ব্যবস্থাপনাও চট্টগ্রামের জন্য অনুসরণযোগ্য বলে মনে করছেন সিডিএ চেয়ারম্যান। তিনি বলছেন, সেখানে সড়কের ওপর গাড়ি পার্কিংয়ের পরিবর্তে বহুতল ভবনের নিচে ভূগর্ভস্থ পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বাণিজ্যিক এলাকায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে বহুতল স্বয়ংক্রিয় পার্কিং টাওয়ার।

চট্টগ্রামের জিইসি, আগ্রাবাদ ও নিউমার্কেটের মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকায় সড়কের ওপর পার্কিং বন্ধ করতে সরকারি জায়গায় স্টিল স্ট্রাকচার বা স্বয়ংক্রিয় পার্কিং টাওয়ার নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের চিন্তা করছে চউক। নতুন ভবনের অনুমোদনের ক্ষেত্রে বেজমেন্ট পার্কিং নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টিও ভাবনায় রয়েছে। এ ছাড়া সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত আবাসন ও সবুজায়নের মডেল চউকের ভবিষ্যৎ প্রকল্পে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া