1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে প্রাণ গেল পর্যটকের

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে চিংড়ি মাছ খাওয়ার পর তীব্র অ্যালার্জিজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে দ্বীপের একটি হোটেলে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মো. ইব্রাহিম (২২)। পরে স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে খাবার খাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় চিংড়ি মাছ খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। আগে থেকেই তাঁর তীব্র অ্যালার্জির সমস্যা ছিল। পরে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।

তাঁকে সেন্টমার্টিনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। বিকেল ৩টার দিকে স্পিডবোটে করে তাঁকে টেকনাফে নেওয়া হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. এনামুল হক বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে ইব্রাহিমকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া