শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, পরিবারের চার সদস্যকে নিয়ে বারইয়ারহাট থেকে আবুরহাট এলাকায় ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন হেলাল উদ্দিন। পাত্রী দেখা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল। আহত হন তাঁর সঙ্গে থাকা পরিবারের অন্য চার সদস্যও।
দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের কারও হাতে, কারও পায়ে আঘাত লেগেছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। অন্য চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পাত্রী দেখে বাড়ি ফেরার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








