২০১৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০২৪ সালে সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অনিশ্চয়তার মধ্যে পড়ে। বেতন, গবেষণা ও সাপের খাবারের খরচ মেটাতে প্রতি মাসে প্রয়োজন হয়েছে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা। টানা আড়াই বছর ব্যক্তিগত অর্থ ও ধারদেনায় কার্যক্রম চালিয়ে রেখেছেন দুই গবেষক। নতুন প্রকল্প অনুমোদনের ফলে এবার প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রম প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও অবকাঠামোগত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
‘ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি) শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের ডিপিপি গত ২৪ অক্টোবর অনুমোদন দেন পরিকল্পনামন্ত্রী। পরে ৪ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি হয় প্রশাসনিক অনুমোদন। প্রকল্পের মোট ব্যয় ৪৩ কোটি ৯৯ লাখ ২৭ হাজার টাকা। পুরো অর্থই আসবে সরকারি তহবিল থেকে। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রটির মুখ্য গবেষক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ জয় বলেন, ‘প্রকল্পটি অনুমোদন হওয়ায় আমরা আশাবাদী। দীর্ঘদিন অর্থসংকটের মধ্যেও নিজেদের উদ্যোগে গবেষণা কার্যক্রম চালিয়ে নিতে হয়েছে। এবার প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণার সরঞ্জাম ও অন্যান্য সুবিধা পাওয়া গেলে কাজ আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’
ভবন নির্মাণে বরাদ্দ প্রায় ২২ কোটি টাকা
প্রকল্পের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে অবকাঠামো নির্মাণে। চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিকেল হোস্টেলের পেছনে প্রায় সাত হাজার বর্গফুট জায়গায় নির্মাণ করা হবে তিনতলা ভবন। পাঁচতলা ভিত্তির ওপর নির্মাণাধীন এ ভবনের জন্য বরাদ্দ ২১ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার টাকা।







