বৃহস্পতিবার সকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা মারছে।”
এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না মন্তব্য করে তিনি বলেন, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
শাহাদাত বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক আওয়ামী লীগ বিদেশে বসে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা বোমাবাজি, লুটপাট, থানা থেকে সরঞ্জাম লুট, পুলিশের ওপর হামলা, সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন এবং যানবাহনে অগ্নিসংযোগ করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পাশাপাশি অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
নগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সজাগ থাকবেন জানিয়ে শাহাদাত বলেন, প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল করা হবে। যারা নাশকতা করবে, তাদের আইনের আওতায় আনতে হবে।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে দলের নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন করেছেন, এখনও সেভাবেই সক্রিয় রয়েছেন। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনে তারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু রাজপথ ছাড়েননি।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে শাহাদাত বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের নেতাকর্মীরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তিনি বলেন, “আজকের এই কর্মসূচি সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। নগরের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় জনগণের পাশে আছি। এ শান্তির মিছিল নগরের প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।”








