বুধবার (২৬ নভেম্বর) কুমিরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধন হবে। আইআইইউসির কলা ও মানবিক অনুষদ বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করছে।
এটি কলা ও মানবিক অনুষদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। অন্যদিকে, আইআইইউসির আয়োজনে এটি ২১তম আন্তর্জাতিক সম্মেলন।
আয়োজকেরা জানান, সম্মেলনে বাংলাদেশের ১৬টি সরকারি ও ২৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পাশাপাশি পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কানাডা, ফিলিপাইন, আলজেরিয়া, ফিলিস্তিন ও উগান্ডাসহ ২৪টি দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষক-প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. সৈয়দ ফরিদ আলাটাস, মালয়েশিয়ার টেলরস ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোজেস স্যামুয়েল, যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটির ড. এমিলি জে. সামার্স, সৌদি আরবের কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনওয়ার সাদ আলজাদানি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলমসহ বিশিষ্ট শিক্ষাবিদেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। সভাপতিত্ব করবেন আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেবেন পাকিস্তানের সোয়াত ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. হুসনুল আমিন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।








