1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ভারতের কোন এলাকায় রয়েছেন শেখ হাসিনা, জানা গেল সম্ভাব্য ঠিকানা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। তবে ভারতের কোথায় তিনি থাকছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা রয়েছে। তাঁর অবস্থান ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্যও গোপন রাখা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার শেখ হাসিনার বক্তব্য ও সাক্ষাৎকার প্রকাশিত হলেও তাঁর সুনির্দিষ্ট অবস্থান জানা যায়নি। এবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দিল্লির একটি কঠোর নিরাপত্তাবেষ্টিত বাসভবনে রয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে ভারতের উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা।
প্রতিবেদন অনুযায়ী, ওই বছরের অক্টোবরে তাঁর অবস্থান সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত লুটিয়েন্স বাংলো এলাকায় ভারত সরকারের দেওয়া একটি বাংলোতে বসবাস করছেন তিনি। ওই এলাকায় ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা থাকেন।
শেখ হাসিনার নিরাপত্তায়ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নিরাপত্তায় সার্বক্ষণিক কর্মী নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সাদা পোশাকের নিরাপত্তাকর্মীরাও তাঁকে পাহারা দিচ্ছেন।
ভারতে অবস্থান করলেও সাক্ষাৎকার, বিবৃতি ও দূরবর্তী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ অব্যাহত রেখেছেন শেখ হাসিনা।
চলতি বছরের জুনে এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশে ফেরার বিষয়ে এ বছরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। একই সাক্ষাৎকারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনা বলেন, তাঁর দল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি ‘শক্তি’।
এর কয়েক মাস পর ২০২৬ সালের সেপ্টেম্বরে এনডিটিভিকে টেলিফোনে দেওয়া আরেক সাক্ষাৎকারে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন শেখ হাসিনা। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখার আগ্রহও প্রকাশ করেন তিনি।
এদিকে, চলতি বছরের আগস্টে নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলের মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে অংশ নেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ও।
অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ সরকারের কাছে দেশে ফেরার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তাঁকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গতকাল ২৪ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া