তবে প্রতিবার অভিযানে দালালরা ধরা পড়লেও তাদের নিয়োগ দেওয়া হাসপাতাল, ল্যাব, ক্লিনিক ও ফার্মেসির মালিকরা বরাবরাই থেকে যাচ্ছে আড়ালে। তবে এতে ক্ষুব্ধ রোগী, স্বজন ও সচেতন নাগরিক সমাজ।
এবার একদিনের অভিযানে ২০ দালাল ধরা পড়েছে। অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আটকদের ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া অনাদায়ে তাদের কারাদণ্ডের আদেশ দেন।
তবে এর আগেও বিভিন্ন সময় অভিযানে একাধিক দালাল ধরা পড়ে। কিন্তু বারবার ধরা পড়ার পরও হাসপাতালে কমছে না সেই দালালদের আনাগোনা।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ থেকে ২০ দালালকে আটক করে এসআরবি-৭ এর সদস্যরা। এর আগে এসআরবির সদস্যরা সাধারণ পোশাকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে নজরদারি করেন। রোগী ও তাদের স্বজন সেজে তারা দালালদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। এসময় চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা করা কিংবা বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়।
সচেতন নাগরিক ও রোগীর স্বজনদের দাবি, দালাল নির্মূলে হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিক নন। তারা নিজেরাই অবৈতনিক হিসেবে লোক নিয়োগ করেছে। যারা মূলত অবৈধ। তারা প্রতিনিয়ত রোগী ও স্বজনদের হয়রানি করছে এবং জোরপূর্বক টাকা আদায় করছে। তাদের সঙ্গে দালালদের সখ্যতা রয়েছে। স্থায়ী কর্মচারীদের থেকে তাদের আয় বেশি। আর যেসব হাসপাতাল, ল্যাব ও ফার্মেসি মালিক দালালদের পরিচালনা করছে তদন্ত পূর্বক তাদেরও আইনের আওতায় আনতে হবে। এতে হাসপাতাল দালালমুক্ত হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যেসব হাসপাতাল, ল্যাব ও ফার্মেসি মালিক দালালদের পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার সিভিল সার্জনের। তিনি চাইলে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আর লোকবল সংকটের কারণে অবৈধতনিক লোকদের বাধ্য হয়ে হাসপাতালের স্বার্থে রাখা হয়েছে।
সিভিল সার্জনের দাবি, ক্লিনিক মালিক সমিতির সঙ্গে সভা এবং তাদের সতর্ক করা হয়েছে। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসআরবির অভিযান সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিক্যালে সংঘবদ্ধ দালালচক্র বিভিন্ন ওয়ার্ডে ভেতর-বাইরে ঘুরে বেড়ায়। রোগী ও স্বজনদের কম দামে টেস্ট এবং ওষুধ কিনে দেওয়ার কথা বলে কৌশলে নিয়ে যায় তাদের পছন্দের ল্যাব ও ফার্মেসিতে। তবে তাদের কথা না শুনলে রোগী-স্বজনদের শিকার হতে হয় হয়রানির। বিশেষ করে মেডিসিন, গাইনি ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগ ও ন্যায্য মূল্যের দোকানে বেশ তৎপর থাকে দালালচক্রের সদস্যরা। তারা প্রতারণা করে সেবাগ্রহীতার কাছ থেকে হাতিয়ে নেয় বড় অঙ্কের টাকা। দালালচক্রের সদস্যরা পুলিশের হাতে আটক হলেও জামিনে এসে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে।
এছাড়া প্রত্যন্ত অঞ্চল থেকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হওয়া সাধারণ রোগীরা বিভিন্ন পদে পদে বাধাগ্রস্ত হয়। প্রথমেই জরুরি মুহূর্তে রোগী বহনের ট্রলি থেকে শুরু করে শয্যা/ওয়ার্ড পাইয়ে দেওয়ার কথা বলে দালালরা অর্থ হাতিয়ে নেয়। হাসপাতালে রোগীদের রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিলে সেগুলো দ্রুত করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং কমিশন পাওয়ার আশায় বিভিন্ন কৌশলে দালালরা তাদের চুক্তিভিত্তিক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যায়। একজন রোগী নিয়ে যেতে পারলে দালালরা কমিশন পায়। এসব দালাল সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার কথা বর্ণনা দিয়ে রোগীদের আস্থার সংকট তৈরি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়ে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে দালালদের আনাগোনা বন্ধ করতে পারেন। এখানে তো পুলিশ, আনসার সবই আছে। মোট কথা হচ্ছে আন্তরিকতার ঘাটতি আছে। এছাড়া অবৈতনতিক হিসেবে নিয়োগ মানেই তো দালালদের বৈধ করে দেওয়া। সরকারি হাসপাতালে অবৈতনিক আবার কী? বৈধদের চেয়ে অবৈধদের আয় আরও বেশি। কর্তৃপক্ষ এসব জেনে সংকটের অজুহাতে তাদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। শুধু অভিযান চালিয়ে কখনও দালাল নির্মূল করা সম্ভব নয়। এসব এক ধরনের আইওয়াশ।’








