1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

আবারও হ্যাটট্রিক হাফিনিয়ার, বার্সেলোনার টানা সপ্তম জয়

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

 ডেস্ক>> পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধিনায়ক হাফিনিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক উপহার দিলেন ব্রাজিলিয়ান তারকা। সেভিয়াকে হারিয়ে মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রাখল হান্সি ফ্লিকের দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।

ইউসুফ ফোফানার গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন হাফিনিয়া। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয়ের নায়ক তিনি। ম্যাচে জালের দেখা না পেলেও. দলের শেষ দুই গোলে সহায়তা করেন আরেক তারকা লামিন ইয়ামাল।

প্রথম সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। একটি করে ম্যাচ কম খেলে সমান ১৫ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ দুইয়ে ও রেয়াল বেতিস তিনে আছে।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে এটিই ছিল বার্সেলোনার শেষ ম্যাচ। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচের সবগুলোই জিতল কাতালান ক্লাবটি। আর এই পথচলায় তারা গোল করল মোট ৩৬টি, যার ৩১টি লা লিগায়।

গত বছরের অক্টোবরে সেভিয়ার মাঠে লিগ ম্যাচে ৪-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার সেই ক্ষতেও প্রলেপ দিতে পারল তারা।

প্রথমার্ধে দুই দলই লড়াই করে সমানে সমান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা।

রেসিং সান্তানদেরের বিপক্ষে ৭-২ গোলে জয়ের ম্যাচ থেকে একাদশে চারটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ ফ্লিক। ওই ম্যাচে প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে ছিটকে যাওয়া মূল গোলরক্ষক জোয়ান গার্সিয়ার জায়গায় দ্বিতীয়ার্ধে নামা ভয়চেখ স্ট্যান্সনির বড় একটি ভুলে গোল হজম করতে হয় দলকে। সেভিয়ার বিপক্ষে একাদশে সুযোগ পেয়ে এই ক্লাবের হয়ে অভিষেক হয় দমিনিক লিভাকোভিচের।

বার্সেলোনার শুরুটা হয় ইতিবাচক। অষ্টম মিনিটে এগিয়েও যেতে পারত তারা, কিন্তু ইয়ামালের বাঁ পায়ের জোরাল শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া